
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করলেও চীন, ভারত, কাতার ও ইরাককে বিশেষ ছাড় দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই সিদ্ধান্তকে ভূরাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোকাদ্দামের বরাতে জানা গেছে, এই চার দেশের জাহাজ বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তবে এই সুযোগের বিনিময়ে ইরান প্রতিটি দেশের কাছ থেকে নির্দিষ্ট সুবিধা আদায়ের কৌশল নিয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও সম্ভাব্য সামরিক চাপের মধ্যেই এমন সিদ্ধান্তের পেছনে তেহরানের বড় ধরনের অর্থনৈতিক স্বার্থ ও ভূরাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ওষুধ উৎপাদনে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।
ভারতের কাছ থেকে মূলত জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানির নিশ্চয়তা পেতে চাইছে ইরান।
দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে দেশটিতে ওষুধের তীব্র সংকট রয়েছে। তাই ভারতকে নিজস্ব জলসীমায় চলাচলের সুবিধা দেওয়ার পাশাপাশি ট্রানজিট ফি আদায়ের মাধ্যমে তেহরান তাদের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এদিকে, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একতরফা চাপ মোকাবিলায় বেইজিংয়ের কূটনৈতিক সমর্থন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া উপসাগরীয় তেলের প্রায় ৪২ শতাংশই চীন আমদানি করে থাকে, যার ফলে চীনা জাহাজগুলোর জন্য পথ খোলা রাখা তেহরানের জন্য অপরিহার্য। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে চীনের জোরালো রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতেই হরমুজে তাদের জন্য অবাধ পথ খোলা রাখা হয়েছে।
অর্থনৈতিক সংকট কাটাতে বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়কে নতুন আয়ের পথ হিসেবে দেখছে ইরান। তবে কাতারের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনকারী জাহাজের ওপর কোনো ফি আরোপ করা হয়নি। ইরাকের ক্ষেত্রে ফি আদায়ের বিষয়টি এখনো অস্পষ্ট রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের উপকূলীয় কঠোর অবরোধকে অকার্যকর করার লক্ষ্যেই চার দেশের সঙ্গে এই বোঝাপড়া করেছে ইরান। পণ্য বিনিময়ের মাধ্যমে নিজের বাজার ধরে রাখা এবং জ্বালানি বাণিজ্যের প্রভাব বজায় রাখা তেহরানের এই কৌশলের মূল লক্ষ্য। তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে ইরানের এই রণকৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে।




