
সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্ম দেওয়ার দায়ে এস্থার ওয়ানজা মুথোনি নামের এক কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। দেশটির শরিয়াহ আইনে অবিবাহিত অবস্থায় শারীরিক সম্পর্ক স্থাপন একটি ফৌজদারি অপরাধ। মুথোনি জানিয়েছেন, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।
সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের তথ্য পুলিশকে জানানো বাধ্যতামূলক। অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হওয়ার পরই মুথোনির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। গত মাসে আদালত এই দণ্ড ঘোষণার পর নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই শাস্তি পাওয়ার যোগ্য নন তিনি। এছাড়া শারীরিক এই দণ্ড সহ্য করার সক্ষমতা নিয়েও তিনি আতঙ্কিত।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই রায়কে নারীর প্রতি সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সাজা কার্যকর না করে বরং ওই গৃহকর্মীকে তার দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এটি সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে করা দাবির সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, ২০২০ সালে সৌদি আরব বিচারকদের নিজস্ব বিবেচনায় বেত্রাঘাতের সাজা দেওয়ার ক্ষমতা বাতিল করলেও ‘হুদুদ’ বা ইসলামী আইনে নির্ধারিত অপরাধের ক্ষেত্রে তা এখনো বলবৎ রয়েছে।
অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ‘ডু বোল্ড’ জানিয়েছে, সাজা কার্যকর হওয়ার পর মুথোনিকে তার নিজ দেশ কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে। সংগঠনটির মতে, সৌদি আরবের কঠোর কাফালা-ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী নানা ঝুঁকির মুখে রয়েছেন। বিশেষ করে নিয়োগকর্তাদের হাতে পাসপোর্ট জমা থাকা এবং আইনি সহায়তার অভাবে তাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকে। বিবাহবহির্ভূত সন্তান জন্মের ভয়ে অনেক নারী গ্রেপ্তার এড়াতে গোপনে সন্তান প্রসব করতে বাধ্য হন।




