Eng
অপরাধ, লিড নিউজ

উখিয়ায় মাদক ও আধিপত্য নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: , ১২ নভেম্বর ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় অস্ত্রের মহড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান। খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে রয়েছেন মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের। পুলিশের ভাষ্যমতে, তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তবে গোলাগুলির নেপথ্যের মূল মাস্টারমাইন্ড এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্থানীয়দের ভাষ্যমতে, মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকায় মাদক সিন্ডিকেটগুলো দীর্ঘকাল ধরে সক্রিয়। পালংখালী সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করে, যা পরে রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করা হয়। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, মাদক চোরাচালান ও এলাকার আধিপত্য নিয়ে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ এবং উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই দুই মাদক কারবারির দ্বন্দ্বের জের ধরেই সম্প্রতি প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এসব মাদকের সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী ব্যক্তিদের গভীর যোগসাজশ রয়েছে। মাদক কারবার নিয়ন্ত্রণ ও এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে সৃষ্ট এই সহিংসতায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে। ঘটনার পর পুরো এলাকায় বাড়তি সতর্কতা ও নজরদারি জোরদার করেছে যৌথ বাহিনী।