Eng
ঢাকা, লিড নিউজ

শামা ওবায়েদ: গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা

প্রকাশিত: , ২ নভেম্বর ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ




ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। সরকার দেশের পানির ন্যায্য হিস্যা ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনার প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ চুক্তিটি নবায়ন হবে এবং ভারত এ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। চুক্তির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত এই কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও যুক্ত রয়েছেন।

বিদ্যমান চুক্তিটি হুবহু নবায়ন করা হবে নাকি কোনো সংশোধনী যুক্ত করা হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, গঠিত কমিটির চুলচেরা পর্যালোচনার ভিত্তিতেই সরকার আলোচনার চূড়ান্ত কৌশল নির্ধারণ করবে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলোচনা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায়ে সব সময় সচেষ্ট থাকবে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদা মেটানোই হবে আলোচনার মূল ভিত্তি। আমাদের জনগণের প্রয়োজন এবং পানির সংকট নিরসনে সবচেয়ে কার্যকর সমাধান খুঁজে বের করাই সরকারের লক্ষ্য। প্রসঙ্গত, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির সময়সীমা এই ডিসেম্বরেই শেষ হতে চলেছে।