
ক্রাইম এডিশন অনলাইন:
বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলায় কারামুক্ত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার সময় কারা ফটকে তাকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করেন।
গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ নম্বর ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মামলার এজাহার অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ উপস্থিত হলে আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই কর্মকর্তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন এবং বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।
এই ঘটনার প্রেক্ষিতে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। রাজনৈতিকভাবে দীর্ঘ সময় বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত থাকলেও, ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে বিএনপি তাকে পঞ্চমবারের মতো দল থেকে বহিষ্কার করেছিল।




