Eng
তথ্যপ্রযুক্তি, লিড নিউজ

নভেম্বরের আকাশে টাওরিড উল্কাবৃষ্টি ও উজ্জ্বল গ্রহের সমারোহ

প্রকাশিত: , ৩ নভেম্বর ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ




অনলাইন ডেস্ক:

হেমন্তের স্বচ্ছ ও মেঘমুক্ত আকাশে মহাজাগতিক বিস্ময় দেখার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশ থেকে টাওরিড উল্কাবৃষ্টিসহ বিভিন্ন গ্রহের চমৎকার অবস্থান অবলোকন করা সম্ভব হবে। এছাড়া নভেম্বর মাসজুড়ে পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও দৃশ্যমান থাকবে।

নভেম্বরের শুরুর দিকেই রাতের আকাশে টাওরিড উল্কাবৃষ্টির আনাগোনা শুরু হবে। ৪ থেকে ৫ নভেম্বর দক্ষিণ টাওরিড এবং ১১ থেকে ১২ নভেম্বর উত্তর টাওরিড উল্কাবৃষ্টি তাদের সর্বোচ্চ সক্রিয় পর্যায়ে থাকবে। যদিও প্রতি ঘণ্টায় উল্কার সংখ্যা ৫ থেকে ১০টির মতো কম থাকে, তবুও এগুলো আকারে বেশ বড় এবং অত্যন্ত উজ্জ্বল হয়, যার ফলে আকাশজুড়ে ‘ফায়ারবল’ বা উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। ৯ নভেম্বর অমাবস্যা হওয়ায় আকাশে চাঁদের আলো থাকবে না, যা উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ পরিস্থিতি তৈরি করবে। ফলে চাঁদের আলোর বাধা না থাকায় নিশিরাতে আকাশে ক্ষণিকের জন্য তীব্র আলো ছড়িয়ে দেওয়া এই ফায়ারবলগুলো অত্যন্ত স্পষ্ট দেখা যেতে পারে। মাসের শুরুতে চাঁদ তার শেষ চতুর্থাংশ অতিক্রম করে কৃষ্ণাংশে প্রবেশ করবে।

সন্ধ্যাবেলার আকাশে এখন থেকেই হেমন্ত ও শীতকালীন নক্ষত্রমণ্ডলের দেখা মিলছে। আমাদের নিকটতম স্পাইরাল গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা পর্যবেক্ষণের জন্য এটি উপযুক্ত সময়। ৯ নভেম্বর পর্যন্ত চাঁদহীন সন্ধ্যার আকাশে বাইনোকুলারের সাহায্যে একে আবছা মেঘের মতো দেখা যাবে। সেই সঙ্গে ডানাওয়ালা ঘোড়ার আদলে পেগাসাস নক্ষত্রমণ্ডলের চারকোনা বিন্যাস এবং উত্তর আকাশে ইংরেজি ‘ডব্লিউ’ আকৃতির ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।

সৌরজগতের গ্রহগুলোর অবস্থানও এখন বেশ উপভোগ্য। সূর্যাস্তের ২০ থেকে ৩০ মিনিট পর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিগন্তে উজ্জ্বল শুক্র গ্রহের দেখা পাওয়া যাবে, যা সন্ধ্যার পর প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত খালি চোখেই দৃশ্যমান থাকবে। এছাড়া সূর্যাস্তের পরপরই দক্ষিণ-পূর্ব আকাশে শনি গ্রহকে ঈষৎ সোনালি আভার স্থির আলোকবিন্দু হিসেবে দেখা যাবে; ছোট টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করলে গ্রহটির বলয় ও বৃহত্তম উপগ্রহ টাইটানও শনাক্ত করা সম্ভব। পশ্চিমের গোধূলিতে উজ্জ্বল শুক্র গ্রহ।

মাসের ১৫ তারিখের কাছাকাছি সময়ে রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে পূর্ব-উত্তরপূর্ব দিগন্তে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত উজ্জ্বল অবস্থায় দেখা যাবে। পাশাপাশি মধ্যরাতের পর পূর্ব দিগন্তে মঙ্গল গ্রহের উপস্থিতিও জানান দেবে। এই সময়ে আকাশের অন্ধকার থাকায় ছায়াপথ ও গভীর মহাকাশের বস্তুগুলো পর্যবেক্ষণে বাড়তি সুবিধা পাওয়া যাবে। স্কাইম্যাপ, টাইম অ্যান্ড ডেট, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি ডটকম ও সাইটেকের তথ্যমতে মহাকাশপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সময়।