
সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশের পর থেকে অবস্থানকালীন পুরো সময় কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিচয়পত্র বা আইডি কার্ড গলায় বা পোশাকে সার্বক্ষণিক দৃশ্যমান অবস্থায় রাখতে হবে। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপি (OTP) প্রক্রিয়ায় দর্শনার্থীরা নিয়মিত প্রবেশ করে থাকেন। বর্তমানে প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ে এসে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন, তাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই নির্দেশনা বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সীমিত করতে এর আগেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত ২৭ অক্টোবর এক আদেশে দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এছাড়া সপ্তাহে একজন সাধারণ দর্শনার্থীকে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের অনুপস্থিতিতে তাদের নামে ওটিপি সুবিধা বন্ধ রাখার নির্দেশ কার্যকর করা হয়েছে। পাশাপাশি সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখে বাইরের দপ্তরের সঙ্গে সভা সীমিত করার পরামর্শও দেওয়া হয়েছিল।




