
ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন ভাইবোনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৬ নভেম্বর বুধবার রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ছোট বাবু ও মোসাঃ মেরিনা বেগমের সন্তান মোসাঃ বাবলি (২৬) এবং মোঃ রুবেল রানা (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাবলি ও রুবেল দীর্ঘদিন ধরে নিজেদের চা-দোকানের আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তল্লাশি চালিয়ে বাবলীর মাথার চুলের খোঁপায় লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। তারা চায়ের দোকানের পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় জেলায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিক্রয়লব্ধ অর্থসহ দুই ভাইবোনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।




