Eng
চট্টগ্রাম, লিড নিউজ

চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদের

প্রকাশিত: , ৭ নভেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার সময় এসেছে। শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নয়, বরং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে অঞ্চলগুলো পাকিস্তানের হাতে হস্তান্তর করেছিলেন, সেগুলো পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

নিশিকান্ত দুবের ভাষ্যমতে, এই অঞ্চলগুলো ঐতিহাসিকভাবে ত্রিপুরার (টিপরা) রাজ্যের অংশ ছিল। তিনি অভিযোগ করেন, মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর মহারানি কাঞ্চনপ্রভাকে কোনো কিছু না জানিয়ে এবং তার সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল। র‌্যাডক্লিফ লাইন বা ম্যাকমোহন লাইনের মতো সীমানা নির্ধারণের সময় কোন যুক্তিতে এগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

বিজেপি এই নেতার দাবি, দেশভাগের সময় এসব অঞ্চল হস্তান্তরের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়েছে। এর ফলে ওই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তিনি মনে করেন, ভারতের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দরসহ এসব ভূখণ্ড ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

নিশিকান্ত দুবে আরও বলেন, ভারতের ভূখণ্ড হারানোর বেদনা শুধু কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলগুলোও ভারত সরকারের নিকট গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তার মতে, নেহরু সরকারের সেই বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ওই এলাকাগুলো বর্তমানে ভারতের সীমানার বাইরে রয়েছে।