Eng
রাজনীতি, লিড নিউজ

যেকোনো চক্রান্তের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: , ৭ নভেম্বর ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

দেশে নতুন করে শুরু হওয়া যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের মতো শক্ত প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এ বার্তা দেন। বিকেল ৩টায় তিনি সেখানে স্থাপিত অস্থায়ী মঞ্চে উপস্থিত হন। ওই সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

সমাবেশ উপলক্ষ্যে বেলা ১২টা থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নয়াপল্টনে জমায়েত হতে শুরু করেন দলটির নেতা-কর্মীরা। দেখতে দেখতে কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত হরেক রকমের প্ল্যাকার্ড। বর্ণিল পোশাক, রকমারি ক্যাপ ও গেঞ্জি পরিধান করে নেতা-কর্মীরা পুরো কর্মসূচিতে এক উৎসবমুখর আমেজ তৈরি করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করেন, স্বার্থান্বেষী মহল আবারো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা দেশে আবারো একতরফা ও নামসর্বস্ব নির্বাচনের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান কিংবা ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ই নভেম্বরের মতোই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। তিনি আজকের এই বিপ্লব র‌্যালিকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার প্রত্যয় হিসেবে ঘোষণা করেন এবং ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে পুনর্বহাল হওয়া গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করার আহ্বান জানান। একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ই নভেম্বরের বিপ্লব র‌্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন। আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়।

বক্তব্যের একপর্যায়ে নয়াপল্টনে উপস্থিত লাখো জনতার কাছে সংহতি চেয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন তারা এই লড়াইয়ে পাশে আছেন কি না। উপস্থিত সবাই তখন করতালি দিয়ে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এরপর সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তিনি নিজে নতুন স্লোগান তোলেন, ‘দিল্লী নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’ তিনি মন্তব্য করেন, ৭ই নভেম্বর হলো মূলত জাতীয় ঐক্য, বাকস্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে সংগঠিত হওয়ার দিন। কোনো ষড়যন্ত্র দেশের মানুষ গণতান্ত্রিক করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন, দেশের সাধারণ ছাত্র-জনতা কেবল সার্বভৌমত্বই ছিনিয়ে আনেনি, বরং স্বৈরাচারী শাসক ও চক্রান্তকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর যেভাবে অশুভ শক্তি পরাজিত হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালের ৫ই আগস্টও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণআন্দোলনের মাধ্যমে পরাস্ত হয়েছে সেই একই ধরনের অপশক্তি। বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী নিজে হেঁটে র‌্যালিতে অংশ নেন। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা দীর্ঘ পথ হেঁটে বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে পৌঁছান এবং সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন। এই সময়ে নেতা-কর্মী-সমর্থকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।