Eng
জাতীয়, লিড নিউজ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার, ১৮ জনকে দণ্ড

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মাত্র এক ঘণ্টার প্রচেষ্টায় এক যাত্রীর খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ব্যাগটি পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান এবং তার নেতৃত্বাধীন দল এই উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সাফল্যের কথা জানান।

ম্যাজিস্ট্রেট নওশাদ খান জানান, প্রতিদিন বিমানবন্দরে আসা যাত্রীদের নানা ধরনের ছোট-বড় সমস্যার সমাধান করা হয়। শনিবার বেশ কিছু যাত্রীর ঝুলে থাকা সমস্যা সমাধানে কাজ করেছেন তারা। এর মধ্যে অনলাইনে চেক-ইন সম্পন্ন করা সত্ত্বেও ফ্লাইট মিস করার ঝুঁকিতে পড়া এক প্রবাসী যাত্রীকে বিমান ধরতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এই কাজে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, এয়ারলাইনস ও বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। পাশাপাশি হয়রানির শিকার এক প্রবাসীর জন্য যথাযথ ক্ষতিপূরণও নিশ্চিত করা হয়েছে। এছাড়া এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ম্যাজিস্ট্রেট নওশাদ খান বলেন, এসব ইতিবাচক কার্যক্রম কেবল তার একার প্রচেষ্টা নয়; বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দলের সবাই প্রতিদিন এ ধরণের সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক সময় নেতিবাচক খবরের ভিড়ে ভালো উদ্যোগগুলো আড়ালে পড়ে যায়। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করতে পারা তার কাছে তৃপ্তির বিষয় এবং যাত্রীদের চোখে ফুটে ওঠা কৃতজ্ঞতা তাদের কাজের বড় অনুপ্রেরণা।

একই দিনে বিমানবন্দরে শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধের ধরন বিবেচনা করে শনিবার মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে যাত্রী সাধারণ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে তিনি বিমানবন্দরে সেবামূলক কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানিয়ে দেশের মানুষের কল্যাণ কামনা করেন এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কঠিন সমস্যারও সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।