
গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলির গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ব্যাংকপাড়া এলাকার শাহ আলম সিকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সারজিল মোটরসাইকেলে করে ঘোনাপাড়া থেকে শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে গোবরা মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




