Eng
চট্টগ্রাম, লিড নিউজ

মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে গত ৮ নভেম্বর রোববার রাতে শ্যামাপূজা পরিদর্শন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, মাদক কারবারি ও চাঁদাবাজরা কোনোভাবেই সরকারের চেয়ে শক্তিশালী নয়। এদের কঠোর হস্তে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে এমপি এনামুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে আছেন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো যাতে স্বাধীনভাবে ও নির্ভয়ে পালন করা যায়, তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে। কোনো দুষ্কৃতকারী যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা কোনো বিনিময় ছাড়াই ধানের শীষকে বিজয়ী করেছেন। আপনাদের এই আস্থার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বুড়াকালী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে। পূজাকে কেন্দ্র করে দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এবং আয়োজন করা হয় লোকজ মেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে এবং মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী। এ ছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, স্থানীয় নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন এবং যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।