Eng
জাতীয়, লিড নিউজ

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: , ১০ নভেম্বর ২০২৬ | ৮:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবি সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছান এবং জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল শুরু করেন।

টুঙ্গিপাড়ায় সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচি কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং জেলার একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রশাসনের বক্তব্য

উত্তপ্ত পরিস্থিতির মুখে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠে বিজিবি সদস্যরা নিয়মিত পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন।