
সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ছিল সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল, যা জনগণের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছিল। অবশেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন ঘটে। জনগণের এই আত্মত্যাগ ও সংগ্রামের ফসল হিসেবেই বর্তমান সংসদ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে।
রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার থাকলে দুর্নীতি নির্মূল করা সম্ভব বলে মনে করেন স্পিকার। তিনি বলেন, আমলারা রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করেন, তাই রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছানো সম্ভব। বর্তমান সংসদে নারী সংসদ সদস্যরা অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে ভবিষ্যতে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, পিছিয়ে পড়া মানুষের সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে গঠিত এই ককাসের লক্ষ্য হলো দলীয় মতপার্থক্য ভুলে প্রান্তিক মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা। তিনি প্রধান দলগুলোর পাশাপাশি দেশের অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এই মহৎ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম। শুরুতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাসের লক্ষ্য ও কর্মপরিধি তুলে ধরেন। অনুষ্ঠানে ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগের চিত্র ফুটে ওঠে। এতে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
আলোচনায় বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর সমস্যা ও অধিকারের বিষয়টি গুরুত্ব পায়। এর মধ্যে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, উর্দুভাষী ও দলিত সম্প্রদায়ের আবাসন সমস্যা এবং পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি উঠে আসে। এছাড়া পোশাকশ্রমিক, অভিবাসী নারী কর্মী, বেদে সম্প্রদায়, উপকূলীয় জেলে এবং এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর আলোচকরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ককাসের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




