Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

হরমুজে সমুদ্র মাইনের বিস্ফোরণ, ডুবল বিশ লাখ ব্যারেল তেলের ট্যাংকার

প্রকাশিত: , ১৫ নভেম্বর ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় ট্যাংকার দুটি সমুদ্রের মাইনের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-এর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের মধ্যে একটি ছিল বিশালাকার সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল, যা বিস্ফোরণের পর পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় তলিয়ে গেছে। দুর্ঘটনার পরপরই জাহাজ দুটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

ডুবে যাওয়া ট্যাংকারের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে স্থানীয় জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে এখনো দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানায়নি।