Eng
জাতীয়, ঢাকা, লিড নিউজ

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন গুণীজনেরা

প্রকাশিত: , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ




মোঃ আবেদ আহমেদ, ঢাকা:

রাজধানীর বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’। সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের শিল্পী, কলাকুশলী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
হিরা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সম্মাননা পর্বে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক ব্যক্তি ও গুণীজনকে পুরস্কার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
শুধু পুরস্কার ও আলোচনা নয়, অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। এসব পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত অতিথি ও দর্শকেরা সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, সমাজে যারা মানবিক কাজ, জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন।
সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী বলেন, ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করার চেষ্টা তিনি সবসময় করে থাকেন। ভবিষ্যতেও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে মানবিক ও প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করার পাশাপাশি প্রতিভাবান শিল্পী, সমাজকর্মী ও মানবিক কাজে যুক্ত ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। নৈতিক অবক্ষয় রোধে এবং ভালো কাজকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের মানুষের অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।