Eng
জাতীয়, ঢাকা, লিড নিউজ

সাংবাদিকদের পেশাদারত্ব ও জনআস্থা ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: , ১ অক্টোবর ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

টেলিভিশন সাংবাদিকদের জনআস্থা ধরে রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশ গঠন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে সম্প্রচার সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ প্রক্রিয়ায় গণমাধ্যমের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীত সময়ে সাংবাদিকদের ওপর চাপ ও নির্যাতনের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক বিরোধের পরিবর্তে গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর দেশের সামনে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সংকীর্ণ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি গণমাধ্যমের মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেন। তার মতে, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়; সাংবাদিকতা ও সম্প্রচার কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত ও সমাধানে সংস্কার উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া নীতিনির্ধারকদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দূরদৃষ্টির মাধ্যমে গণমাধ্যমসহ বিভিন্ন খাতের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রযুক্তিনির্ভর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে টেকসই করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ডিজিটালাইজেশন ও আর্থিকভাবে সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
বিজেসির প্রতিনিধিরা জানান, সংগঠনটি সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করে। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও বিমাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সংগঠনটির আর্থিক সক্ষমতা বাড়াতে আয়বর্ধক কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে বিজেসির প্রতিনিধিদলে ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও উপস্থিত ছিলেন।