
চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে দেশে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি পরিচালনা করে আসছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করে দলটি জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসা অর্জন করেছে। একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনমতের প্রতিফলন ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং রাষ্ট্রের সকল কার্যক্রমকে জবাবদিহির আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। এমন একটি দলকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র এবং সাংগঠনিক সকল কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও প্রকাশ্য। দলের লক্ষ্য, আদর্শ কিংবা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো অবকাশ নেই। নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে চলেছে। কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিবেশে গিয়ে বড় মাপের ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করা লোকদেখানো আচরণ ছাড়া আর কিছুই নয় বলেও তিনি মন্তব্য করেন।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, খুন, রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই-পরবর্তী সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দেশের এসব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ন্ত্রণে যথাযথ নজর না দিয়ে বিরোধী দলের চরিত্রহননে লিপ্ত রয়েছেন। এটি মূলত তাঁর নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার একটি অপকৌশল মাত্র। তিনি এ ধরনের ভিত্তিহীন বিষোদ্গার থেকে বিরত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান।




