Eng
অপরাধ, মৌলভীবাজার, লিড নিউজ

মৌলভীবাজারে নারী পুলিশ কনস্টেবলের মুখে চেপে ধরে অপহরণের চেষ্টা

প্রকাশিত: , ১১ নভেম্বর ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত আছেন এবং সপরিবারে স্থানীয় এলাকাতেই ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, ঘটনার সময় ওই নারী পুলিশ সদস্য সাধারণ পোশাকে ছিলেন এবং একা হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেলে দুই তরুণকে সেখানে আসতে দেখা যায়। হঠাতই তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে পেছনের দিক থেকে ওই পুলিশ সদস্যের মুখ চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন স্থানে টেনে নেওয়ার চেষ্টা করে। অপর তরুণ মোটরসাইকেল নিয়ে কিছুটা দূরে অপেক্ষা করছিল। তাৎক্ষণিক ওই কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। লোকজনের উপস্থিতিতে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জসিম মিয়া জানান, সন্ধ্যার পর একা হাঁটার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ওই নারীর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এদিকে ভুক্তভোগী কনস্টেবলের স্বামী জানিয়েছেন, তার স্ত্রী নিয়মিতই ডিউটি শেষে হেঁটে বাসায় ফেরেন। তবে এবারই তারা দুর্বৃত্তদের কবলে পড়েছেন। যদিও কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়নি, তবুও এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। পুলিশ ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেছে। ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে এবং নারী পুলিশ কনস্টেবলের পেছনে একজনের হেঁটে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।