
ইরানে আরো সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের কঠোর নিন্দা জানান।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
ইয়াসামিন আনসারি বলেন, ৯ কোটি মানুষের একটি দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি মানবতাবিরোধী অপরাধের শামিল। এক্সে তিনি লেখেন, ‘তিনি (ট্রাম্প) আবারও ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।’
ট্রাম্পের ধ্বংসাত্মক বার্তা ও প্রতিক্রিয়া
এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের বাকি অংশ ধ্বংস করে দিতে তিনি চান না। তবে পরিস্থিতির কারণে তাকে হয়তো সেই পদক্ষেপ নিতে হতে পারে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আপনারা শিগগিরই জানতে পারবেন।’ এই বক্তব্যের পরই ডেমোক্র্যাটদের মধ্য থেকে তীব্র প্রতিবাদ আসে।
যুদ্ধনীতি বন্ধে ডেমোক্র্যাটদের পদক্ষেপের আহ্বান
ট্রাম্পের এই বেপরোয়া ও একক সিদ্ধান্তে পরিচালিত যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আনসারি। তিনি বলেন, ‘আমরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলে ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। আর নয়, যথেষ্ট হয়েছে।’




