Eng
অর্থনীতি, লিড নিউজ

চ্যালেঞ্জের মুখেও ১.১ বিলিয়ন ডলার মুনাফা এমিরেটস গ্রুপের

প্রকাশিত: , ৬ নভেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

চলমান আঞ্চলিক সংঘাত, বিভিন্ন পরিচালনাগত প্রতিকূলতা এবং আকাশচুম্বী জ্বালানি তেলের দামের চ্যালেঞ্জ সত্ত্বেও এমিরেটস গ্রুপ ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে বড় ধরনের আর্থিক সাফল্য দেখিয়েছে। এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাসের আর্থিক ফলাফলে গ্রুপটি ১.১ বিলিয়ন মার্কিন ডলার কর-পূর্ব মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমিরেটস এয়ারলাইন ও ডানাটা—উভয় প্রতিষ্ঠান মিলে গঠিত এই গ্রুপের ভাষ্যমতে, বিদ্যমান অস্থিরতার মধ্যেও তাদের শক্তিশালী ব্যবসায়িক মডেল ও কৌশলগত ব্যবস্থাপনা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। তবে গ্রুপটির ব্যবসায়িক মডেল এবং কর্মীরা সম্মিলিতভাবে সেই চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন।

তবে আগের বছরের একই সময়ের সাথে তুলনা করলে দেখা যায়, গ্রুপটির নিট মুনাফায় বড় ধরনের ধাক্কা লেগেছে। কর-পরবর্তী নিট মুনাফা ৬৬ শতাংশ কমে ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সাথে গ্রুপটির মোট রাজস্ব ১২ শতাংশ হ্রাস পেয়ে ১৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছরের প্রথমার্ধে ছিল ২০.৬ বিলিয়ন ডলার।

এমিরেটস এয়ারলাইন এককভাবে প্রথমার্ধে ১ বিলিয়ন ডলার কর-পূর্ব মুনাফা অর্জন করেছে, যেখানে আগের বছর এই অংক ছিল ৩.১ বিলিয়ন ডলার। সব মিলিয়ে এয়ারলাইনটির রাজস্ব ১৩ শতাংশ কমে ১৫.৫ বিলিয়ন ডলারে ঠেকেছে এবং কর-পরবর্তী মুনাফা ৬৬ শতাংশ কমে ৯০৩ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এই ছয় মাসকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হওয়া সত্ত্বেও তারা বহর সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে বিনিয়োগ চালিয়ে গেছেন।

নেটওয়ার্কের দিক থেকে এমিরেটস তাদের সক্ষমতার ৯১ শতাংশ পুনরুদ্ধার করতে পেরেছে এবং দুবাইকে কেন্দ্র করে ৭৮টি দেশের ১৫০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে যাত্রী পরিবহনের সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কমে ২ কোটি ১৮ লাখে দাঁড়িয়েছে এবং সামগ্রিক সক্ষমতা ১০ শতাংশ হ্রাস পেয়েছে। ভিন্ন চিত্র দেখা গেছে কার্গো খাতে; এমিরেটস স্কাইকার্গো ১২ লাখ টন পণ্য পরিবহন করলেও তাদের আয় বেড়েছে ৫২ শতাংশ। আকাশপথে পণ্য পরিবহনের সক্ষমতা হ্রাস ও সমুদ্রপথে পরিবহনে জটিলতা সৃষ্টি হওয়ায় কার্গো খাতের এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। প্রথম ছয় মাসে রাজস্ব কমেছে ১২ শতাংশ, যাত্রী পরিবহনেও ২২ শতাংশ পতন। কার্গো পরিবহন কার্যক্রম রাজস্ব ও নগদ অর্থের প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডানাটার রাজস্ব ৭ শতাংশ কমে ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির কর-পূর্ব মুনাফা ৫১ শতাংশ কমে ১১২ মিলিয়ন ডলার এবং কর-পরবর্তী মুনাফা ৫৬ শতাংশ কমে ৮৪ মিলিয়ন ডলারে নেমেছে।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমিরেটস গ্রুপে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন কর্মী কর্মরত ছিল, যা ৩১ মার্চের তুলনায় ২ শতাংশ কম। তবে পরিচালনাগত চাহিদা মেটাতে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে উভয় প্রতিষ্ঠানই। সামগ্রিকভাবে, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কার্গো পরিবহন ও ব্যবসায়িক পুনর্গঠনের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে এমিরেটস গ্রুপ।