
দেশে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জন রোগী মারা গেছেন। এই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৭৫ জন এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। বর্তমানে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৯৪ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে।
চিকিৎসা কার্যক্রমের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।




