
ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমাতে এবং ভ্রমণ সময় সাশ্রয় করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি উঠেছে। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ শুরু করার পরিকল্পনা নিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। সংগঠনটির নেতারা মনে করছেন, নিয়মিত সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসীদের পাশাপাশি দুই দেশের যাত্রীরা সমানভাবে উপকৃত হবেন। সংগঠনটির নেতারা জানান, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় এই প্রস্তাবটি জোরালোভাবে উঠে আসে। সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেলের) পরিচালনায় সভায় আহ্বায়ক কমিটির আট সদস্য উপস্থিত ছিলেন। সভায় মূলত প্যারিস-ঢাকা রুটের বাণিজ্যিক কার্যকারিতা, সম্ভাব্য যাত্রী চাহিদা এবং পরিচালন ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কেবল ধারণার ভিত্তিতে নয়, বরং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে একটি যৌক্তিক প্রস্তাবনা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া হবে। যাত্রী সংখ্যার ওপর ভিত্তি করে সপ্তাহে বা পাক্ষিক ভিত্তিতে ফ্লাইট পরিচালনার বিষয়টিও এই পরিকল্পনার অংশ হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং সরকারি দপ্তর ও বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিষয়টি সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
সভার বক্তারা জানান, সরাসরি ফ্লাইট চালু হলে ট্রানজিটের দীর্ঘ ভোগান্তি ও যাত্রাপথের ক্লান্তি অনেকাংশে হ্রাস পাবে। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে এই রুটে নতুন ফ্লাইট চালুর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সংগঠনের দাবি অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তের ভিত্তিতে রুটটির বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে।
প্যারিসভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের অধীনে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও পর্তুগালে শাখা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বিশ্বব্যাপী তুলে ধরার পরিকল্পনা নিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।




