Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো যাবে না: আইআরজিসি প্রধান

প্রকাশিত: , ১২ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়েছেন যে, হুমকি কিংবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনোভাবেই দেশটির চলমান ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। সব ধরনের প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে ইরান সামরিক ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেছেন।

দেশের মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বার্তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। দেশটির বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। বার্তায় তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সাবেক কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির অবদানের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে আহমাদ ওয়াহিদি বলেন, ‘আপনারা পাহাড়ের গভীরে ও মাটির নিচে যেভাবে দেশের সামরিক শক্তি গড়ে তুলছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। শত্রুদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে, তেহরানি মুকাদ্দামের দেখানো পথে রক্ত ও বিশ্বাসের শক্তিতে ইরান এগিয়ে চলেছে। এসব কার্যক্রম থামানো বা সংকুচিত করার কোনো সুযোগ নেই।’

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক চাপ ও উত্তেজনার মধ্যেই আইআরজিসি প্রধানের এমন কঠোর বার্তা সামনে এল। তিনি বাহিনীর সদস্যদের প্রতি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও সংহত ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।