
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে শুরু হয়েছে জলপাইয়ের মৌসুম। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে, যার ফলে স্থানীয় এই হাটে বেচাকেনা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান, পিকআপ ও অটোরিকশাযোগে বস্তাবোঝাই জলপাই হাটে নিয়ে আসছেন বিক্রেতারা। পলিথিনে স্তূপ করে রাখা এই টক ফল কিনতে জেলার বিভিন্ন প্রান্তসহ পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া ও ঢাকার পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, প্রতিদিন এই হাটে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই বিক্রি হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। মাটিতে বিছানো পলিথিনে ঢেলে স্তুূপ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই জলপাই চাষিরা সহজেই লাভের মুখ দেখতে পান।
বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জলপাই গাছে মুকুল আসার পরপরই পাইকাররা গাছ কিনে নেন। আকার ও জাত ভেদে প্রতিটি গাছে ১০ থেকে ১৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বাজারে প্রতি মণ জলপাই ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও পাইকারি ব্যবসায়ীরা তা ৭০০ থেকে ৯০০ টাকায় সংগ্রহ করছেন। বাগবাটি হাটের ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলী জানান, সাধারণ সময়ে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার হাট বসলেও জলপাইয়ের ভরা মৌসুমে এটি এখন প্রতিদিন বসছে। ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা ও বাক্ষ্রমবাগসহ বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা জলপাই নিয়ে আসছেন এখানে। এখান থেকেই পাইকারি ব্যবসায়ীরা জলপাই কিনে ওজন করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার সাদাত জানান, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ—এই তিন মাস জলপাইয়ের মৌসুম।
পুষ্টিগুণ সমৃদ্ধ জলপাইয়ের আচার তৈরির চাহিদা বেশি হওয়ায় এটি এখন কৃষকদের জন্য বাড়তি আয়ের একটি বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। জলপাই গাছে তেমন কোনো পরিচর্যা বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না, যা চাষিদের জন্য বেশ লাভজনক। তিনি আরও জানান, জেলায় জলপাইয়ের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলাতেই ১০১ হেক্টর জমিতে জলপাইয়ের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০৫ মেট্রিক টন। এই টক ফলটি দিয়ে মুখরোচক আচার বানিয়ে সারা বছর খেতে পছন্দ করেন অনেকেই। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ টক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবেই বেশি জনপ্রিয়।




