
গাজার খান ইউনিস এলাকার নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সংগঠনটি একে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের দেওয়া বিবৃতি অনুযায়ী, এই ভয়াবহ হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটি নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর সপ্তম দফা হামলা।
বিবৃতিতে ইসলামিক জিহাদ আরও জানায়, ইসরাইলের এই অব্যাহত আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তারা তথাকথিত পিস কাউন্সিলকে দায়ী মনে করে। দখলদার ইসরাইলি বাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক ও সামরিকভাবে মদদ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগঠনটি। তাদের মতে, এই দায়মুক্তির সুযোগ নিয়েই ইসরাইলি বাহিনী তাদের নৃশংসতা ও আগ্রাসন আরও বাড়িয়ে দিচ্ছে।
ফিলিস্তিনিদের ওপর চলমান এই হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।




