Eng
অপরাধ, লিড নিউজ

নারায়ণগঞ্জে হামলা ভিডিও করায় যুবককে পিটিয়ে জখমের পর মৃত্যু

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর এলাকার শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল রামদা ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে। দেলুর বাড়ির পেছনে থাকা শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা দেওয়ায় ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরেই নারায়ণগঞ্জ আদালত চত্বরে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন। স্থানীয়দের অভিযোগ, ওই সংঘর্ষের জের ধরেই রাতে দেলুর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আদালত এলাকায় ঘটা সংঘর্ষের প্রতিক্রিয়ায় রাতে দেলুর বাড়িতে এই হামলা চালানো হয়েছে। হামলার ভিডিও ধারণ করার কারণেই ইউসুফকে ছুরিকাঘাত করা হয় বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ উঠেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।