
ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে ২৪-এর মতো এবারও গণতন্ত্রের পক্ষের শক্তির ঐক্য প্রয়োজন।
তিনি সংসদের ভেতরে থাকা সব গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর ও ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রীর মতে, পরাজিত এই অপশক্তি দেশে পূর্ণ উত্থানের চেষ্টা চালাচ্ছে, যা প্রতিহত করতে সমন্বিত প্রয়াস জরুরি।
তারেক রহমান আরও অভিযোগ করেন, সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত একটি দলের পলাতক নেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুসারীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এমনকি সাধারণ জনগণকে হত্যা করার লক্ষ্যে তালিকা তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা এমন বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, তাদের কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না; এদের পরিচয় শুধুই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে।
তিনি আরও যোগ করেন, এই গোষ্ঠী সরাসরি দেশের রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।




