
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি চূড়ান্ত করতে আজ মঙ্গলবার ১০ নভেম্বর বৈঠকে বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পরিচালনা পর্ষদের সভায় শর্তগুলো বিস্তারিত পর্যালোচনার পর তা অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানিয়েছেন, আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটি চালুর লক্ষ্য নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে টার্মিনালটি আংশিক বা সীমিত পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে জাপানি কনসোর্টিয়ামের হাতে দায়িত্ব অর্পণের প্রক্রিয়ায় সরকারের দেওয়া বিভিন্ন শর্ত ও ছাড় নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জাতীয় স্বার্থ, রাজস্ব বণ্টন পদ্ধতি এবং দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হওয়ার পাশাপাশি সংসদীয় কমিটির বৈঠকেও জোরালো আপত্তি জানানো হয়েছে।
টার্মিনাল পরিচালনার চুক্তি, রাজস্ব ভাগাভাগি এবং বিভিন্ন স্পর্শকাতর ধারা নিয়ে অসন্তোষ থাকায় বোর্ড সভায় বিষয়টি পুনরায় চুলচেরা বিশ্লেষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিমান সংস্থাটি শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসলেও লাগেজ ডেলিভারিতে দেরি, মালামাল হারানো এবং দক্ষ জনবলের অভাবের মতো নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এই পরিস্থিতি সামাল দিতে এবং আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় টার্মিনালে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। এদের মধ্য থেকে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা চূড়ান্ত করা নিয়ে আলোচনা চলছে।
এদিকে, তৃতীয় টার্মিনালেও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সুযোগ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ২৮ অক্টোবর সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বেবিচক চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে তিনি তৃতীয় টার্মিনালকে গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের আওতায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন এবং ১৬ ডিসেম্বর থেকেই সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।




