
ফ্রান্সে বৈধ এবং অবৈধ উভয় ধরনের অভিবাসন প্রবাহ কমিয়ে আনতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির ডানপন্থি রাজনৈতিক দল রিপাবলিকানস (লেজ রিপুবলিক্যাঁ)। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী এবং দলের নেতা ব্রুনো রেতাইয়ো অভিবাসন নিয়ন্ত্রণে ৫৬ পৃষ্ঠার একটি বিস্তারিত রাজনৈতিক কর্মসূচি উপস্থাপন করেছেন। গত ১২ নভেম্বর প্যারিসে নিজের এই নির্বাচনী পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। পরদিন ১৩ নভেম্বর প্রভাবশালী পত্রিকা ল্য মোঁদ এই কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া ল্য পারিজিয়াঁকে দেওয়া সাক্ষাৎকারেও রেতাইয়ো জানান, তিনি কেবল অবৈধ অভিবাসন বন্ধ নয়, বৈধ অভিবাসনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে চান। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণদের ক্ষেত্রে বাধ্যতামূলক শিক্ষার নিয়ম মেনে চলার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
রেতাইয়োর পরিকল্পনায় অভিবাসনের সাতটি মূল পথকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে ভিসা নীতি, কর্মসংস্থান, শিক্ষা, আশ্রয় গ্রহণ, পরিবার পুনর্মিলন, নিয়মিতকরণ এবং জন্মসূত্রে নাগরিকত্ব অন্তর্ভুক্ত রয়েছে। রেতাইয়োর দাবি, শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ অপরিহার্য। উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে আসা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া কোনো শিক্ষাবর্ষে অকৃতকার্য হয়ে একই বর্ষ পুনরায় পড়লে শিক্ষার্থীর আবাসিক অনুমতি বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা এবং পড়াশোনার অগ্রগতির শর্ত আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থী হিসেবে অবস্থানের অনুমতি পাওয়ার শর্তও কঠোর করা হবে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ফ্রান্সে পড়তে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
প্রস্তাবিত কর্মসূচিতে সবচেয়ে আলোচিত দিক হলো ফ্রান্সে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত অধিকার বা ‘দ্রোয়া দ্যু সল’ বাতিল করা। রেতাইয়ো চান ফরাসি নাগরিকত্ব অর্জনের প্রধান পথ হোক প্রাকৃতিকীকরণ বা ন্যাচারালাইজেশন। এজন্য কমপক্ষে ১০ বছর ফ্রান্সে বসবাস, কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার মতো কঠোর শর্ত জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া পারিবারিক সম্পর্ক বা বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সহজ পথগুলো সীমিত করার পরিকল্পনাও আছে তাঁর নির্বাচনী ইশতেহারে।
আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়েছেন রেতাইয়ো। তিনি কোনো নিরাপদ তৃতীয় দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে ফ্রান্সের বাইরেই আশ্রয় আবেদন যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ, যদি কোনো প্রার্থী অন্য কোনো নিরাপদ দেশে সুরক্ষা পাওয়ার যোগ্য হন, তবে তাকে সেখানেই পাঠানো হবে। কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশিদের আসার সুযোগও আরও সীমিত করার পক্ষে তিনি। রেতাইয়োর মতে, বিদেশি কর্মী নিয়োগ ফরাসি অর্থনীতির চাহিদার সঙ্গে কঠোরভাবে যুক্ত থাকা উচিত। কাজ না থাকলে বিদেশিদের দেশ ছাড়তে হবে এবং অনথিভুক্ত কর্মীদের বৈধ হওয়ার পথ বন্ধ থাকবে। পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও অভিবাসনকে একটি ব্যতিক্রমী ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিদেশিদের সামাজিক সুবিধা পাওয়ার আগে ফ্রান্সে অন্তত পাঁচ বছর বসবাস ও কাজ করার শর্ত আরোপের পরিকল্পনা রয়েছে। কাজের অনুমতি নিয়ে ফ্রান্সে এসে প্রকৃতপক্ষে কাজ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়তে হবে। তার মতে, বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।
অভিবাসন নীতিতে এই বড় পরিবর্তনগুলো নিশ্চিত করতে রেতাইয়ো সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে চান। নির্বাচিত হলে ২০২৭ সালের শরতে সংবিধানের ৮৯ অনুচ্ছেদ ব্যবহার করে তিনি সংশোধন প্রক্রিয়া শুরু করবেন এবং পরবর্তীতে ২০২৮ সালের শুরুতে গণভোট আয়োজনের জন্য ১১ অনুচ্ছেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। অনথিভুক্ত অভিবাসীদের জন্য চালু সরকারি চিকিৎসা সহায়তা কর্মসূচি ‘এইড মেডিকাল দ্যু লেতা’ (এএমই) বাতিল করে কেবল জরুরি সেবার ব্যবস্থা রাখারও প্রস্তাব দিয়েছেন তিনি।
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুটি এখন ফরাসি রাজনীতির কেন্দ্রে রয়েছে। রেতাইয়ো তার এই কর্মসূচির মাধ্যমে ডান এবং মধ্য-ডানপন্থি ভোটারদের আকৃষ্ট করতে চাইছেন। একইসঙ্গে তিনি মধ্য-ডানপন্থি নেতা এদুয়ার ফিলিপের সমালোচনা করে বলেছেন, বৈধ অভিবাসন কমানোর ক্ষেত্রে ফিলিপ যথেষ্ট কঠোর নন। উল্লেখ্য, ২০২৫ সালে ফ্রান্সের মোট জনসংখ্যার ৯ দশমিক ৪ শতাংশ ছিলেন বিদেশি নাগরিক। ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে এই অনুপাতে ফ্রান্সের অবস্থান ১৪তম। তবে রেতাইয়োর এই পরিকল্পনাগুলো এখনো ফ্রান্সের কার্যকর আইন নয়। নির্বাচনের ফলাফল, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সাংবিধানিক প্রক্রিয়ার ওপরই মূলত এসব প্রস্তাবের বাস্তব প্রয়োগ নির্ভর করবে।




