
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শিক্ষক নিয়ামুলের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িতে প্রবেশের পর ডাকাতরা শিক্ষক নিয়ামুলের স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে।
ডাকাতরা আলমারি ভেঙে ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা এবং তিনটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন) লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে রাত ৮টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিয়েছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।




