Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

ব্যবহারকারীর অনুমতি ছাড়া ছবি ব্যবহারের দায়ে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার দায়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের ভাষ্যমতে, ব্যবহারকারীদের কাছ থেকে স্পষ্ট সম্মতি না নিয়ে এবং যথাযথভাবে অবহিত না করেই প্রতিষ্ঠানটি এই ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ নিয়েছে। ইতালির নিয়ন্ত্রক সংস্থার ইতিহাসে কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে করা বড় অঙ্কের জরিমানাগুলোর মধ্যে এটি অন্যতম।

তদন্ত অনুযায়ী, ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে সংরক্ষিত ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখার সুযোগ পেয়েছিল মেটা। অথচ এ বিষয়ে ব্যবহারকারীদের আগে থেকে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে থাকা ইতালির নিয়ন্ত্রক সংস্থা মেটাকে এই বিতর্কিত ফিচারটি বন্ধ করার জন্য ৬০ দিন সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফিচারটির স্বয়ংক্রিয় কার্যকারিতা বন্ধ করার পাশাপাশি ব্যবহারকারীদের ফোনের ছবি ও ভিডিও ব্যবহারের আগে তাঁদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকের ওই ফিচারটি মূলত ব্যবহারকারীদের ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে নতুন পোস্টের আইডিয়া দেওয়ার কাজে ব্যবহৃত হতো। এই সুবিধাটি চালু করতে ফেসবুক অ্যাপ একবারই ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি চেয়ে থাকে। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ওই সময়ে দেওয়া নোটিশে বিষয়টি অস্পষ্ট ছিল। ব্যবহারকারীরা বুঝতে পারেননি যে এই অনুমতি দেওয়ার অর্থ কেবল ফোনের ছবি দেখার সুযোগ দেওয়া নয়, বরং সেসব ছবি বিশ্লেষণ করে ফেসবুক পোস্টের পরামর্শ তৈরির সুযোগ দেওয়াও।

জরিমানার অংক নির্ধারণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং ফিচারটির চলমান অবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো ফেসবুক অ্যাপ হালনাগাদ করেননি বা যারা আগেই এই ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে ফিচারটি এখনো কার্যকর রয়েছে। এছাড়া তদন্ত কাজে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানার একটি বড় কারণ। যদিও ২০২৫ সালে শুরু হওয়া এ তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহারকারীদের ছবি ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়টি উঠে আসেনি, তবে মেটা এ অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি নতুন ফিচার—যা ফোনের ছবি ক্লাউডে পাঠিয়ে প্রক্রিয়াকরণ করে—তাও আলাদাভাবে পর্যালোচনার কথা জানিয়েছে সংস্থাটি।

এর আগেও ব্যবসায়িক কার্যক্রমে অনিয়মের অভিযোগে বড় ধরনের জরিমানার মুখে পড়েছিল মেটা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার বিষয়ে বছরের পর বছর ধরে জনসাধারণকে বিভ্রান্ত করে আসছিল মেটা। এই মামলার মূল সূত্রপাত হয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামের যুক্তরাজ্যভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কাজ করা প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ফেসবুক থেকে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল।