Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

মুসলিম দেশে গণতন্ত্র টেকে না, মন্তব্য দিলীপ ঘোষের

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ৪:১৬ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু সুরক্ষার বিষয় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে গণতন্ত্র স্থায়ী হতে পারে না। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানে গণতন্ত্রের অভাবের কারণ হলো সেখানে একনায়কতন্ত্র বা সামরিক শাসনের প্রবণতা।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চিন্ময় প্রভু এখন আন্তর্জাতিকভাবে পরিচিত। বাংলাদেশের হিন্দু সমাজ তার সুরক্ষার দিকে তাকিয়ে আছে। তিনি ভারত সরকারের পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তিনি প্রশাসনিক শূন্যতা ও অরাজকতা বলে অভিহিত করে দাবি করেন, সেখানে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার একটি চক্রান্ত চলছে।

অন্যদিকে, রাজ্যে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা যারা করছেন, তাদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সমাজ ও রাজনীতির অপরাধীকরণ রুখতে পুলিশ ও আইন ব্যবস্থা কাজ করছে। যারা অপরাধীদের সঙ্গে আপস করে, তারাই এমন পদক্ষেপের বিরোধিতা করছে।

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বা গুজরাট মডেলে পরিচালনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অনেকে রাজ্যকে ইউপি বা যোগী আদিত্যনাথের সরকারের সঙ্গে তুলনা করছেন। কিন্তু তাতে কোনো সমস্যা নেই বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে যারা এর বিরোধিতা করছেন, তাদের উদ্দেশে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় থাকতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি যোগ করেন, এর জন্য দরজা খুলে দেওয়া হবে, যারা বাধা দেওয়ার সাহস রাখে তারা তা করে দেখাক।